তালায় আম বাগান থেকে আলাউদ্দিন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার
শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরা :সাতক্ষীরার তালা উপজেলায় আলাউদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে তালা থানা পুলিশ। সে মৃত আনছার শেখের ছেলে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটি গ্রামের একটি আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আম বাগানের একটি আম গাছের নিচে আলাউদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। নিহতের পাশে একটি ব্যাগ, লাঠি, গামছা, জুতা দেখা গেছে। এছাড়া তার গলায় দাগের চিহ্ন রয়েছে ।
নিহতের স্ত্রী ইসমতারা জানান, তার স্বামী মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন। পরে সকালে ছাগল চরাতে এসে মরদেহটি গফুর মোল্লা নামের এক ব্যক্তি আম বাগানে পড়ে থাকতে দেখেন। হরিচন্দ্রকাটি গ্রামের বাসিন্দা আবু বক্কর মোড়ল বলেন, আলাউদ্দিন গত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। তার হাতে সবসময় একটি লাঠি ও একটি ব্যাগ থাকত। বিভিন্ন সময় মানুষের ছোটখাটো কাজে সহযোগিতা করতেন এবং পাঁচ টাকা দশ টাকার বেশি নিতেন না। সকালে বাজার থেকে খবর পেয়ে এসে আম বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখি। তবে তার গলায় দাগ থাকার বিষয়টি রহস্যজনক।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































